চবি ডি–১ উপ ইউনিটে আজ ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়াই ৩৬ জনের

চবি ডি–১ উপ ইউনিটে আজ ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়াই ৩৬ জনের
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের শিক্ষা অনুষদের ডি–১ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। এ উপ ইউনিটে মোট ৪০টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ১ হাজার ৪২১ জন পরীক্ষার্থী। ফলে প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে প্রায় ৩৬ জন শিক্ষার্থী।

ডি–১ উপ ইউনিটের আওতায় শিক্ষা অনুষদের একটি মাত্র বিভাগ রয়েছে। সেটি হলো শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। ক্রীড়াভিত্তিক এই বিভাগে ভর্তির জন্য এবারও শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।

ভর্তি পরীক্ষা সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটির নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ১০টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

নম্বর বিন্যাস অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজিতে ৩০ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর, সাধারণ জ্ঞানে ২৫ নম্বর এবং গেমস ও স্পোর্টসের নীতিমালায় ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরবর্তী ধাপে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ব্যবহারিক পরীক্ষায় ফিল্ড টেস্টের জন্য বরাদ্দ রয়েছে ১৮ নম্বর এবং খেলাধুলার সনদের জন্য রয়েছে ২ নম্বর।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে বাংলায় ন্যূনতম ৮, ইংরেজিতে ৭ এবং সাধারণ জ্ঞানে ৮ নম্বর অর্জন করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ফিল্ড টেস্টে ন্যূনতম ১২ এবং খেলাধুলার সনদে ন্যূনতম ২ নম্বর পেতে হবে। তবে বিকেএসপি ও পেশাদার খেলোয়াড় কোটার ক্ষেত্রে মোট পাশ নম্বর নির্ধারিত রয়েছে ৩০। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর করে কেটে নেওয়া হবে।
 

সম্পর্কিত নিউজ