এখন থেকে বিনামূল্যে আইনি সেবা পাবে চবি শিক্ষার্থীরা, চাকসুর উদ্যোগে ফ্রি লিগ্যাল এইড সেল চালু

এখন থেকে বিনামূল্যে আইনি সেবা পাবে চবি শিক্ষার্থীরা, চাকসুর উদ্যোগে  ফ্রি লিগ্যাল এইড সেল চালু
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে চালু হলো ‘চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল’। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ সেলের উদ্বোধন করা হয়।

এই সেলের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে ব্যক্তিগত ও প্রাসঙ্গিক আইনি সেবা ও পরামর্শ গ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের আইনি সচেতনতা বৃদ্ধি, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান চাকসু নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর ভিপি জনাব ইব্রাহীম হোসেন রনি, জিএস জনাব সাঈদ বিন হাবিব, আইন ও মানবাধিকার সম্পাদক জনাব ফজলে রাব্বি তৌহিদ, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং ফ্রি লিগ্যাল এইড সেলের সঙ্গে যুক্ত সম্মানিত আইনজীবীগণ।

বিশেষ অতিথির বক্তব্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “চাকসু খুবই ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা অনেক জটিল সমস্যা থেকে মুক্তি পাবে।” তিনি আরও বলেন, “ক্ষেত্রবিশেষে অনেক শিক্ষার্থী সঠিক আইনি সহযোগিতার অভাবে ন্যায়বিচার পান না বা বৈষম্যের শিকার হন। মানবাধিকার সংরক্ষণ এবং আইনি সকল সেবা পাওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ অনন্য ভূমিকা রাখবে।” এ সময় ফ্রি সেবা প্রদানকারী সকল আইনজীবী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে চাকসুর এই উদ্যোগ সারা দেশে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।” তিনি বলেন, “অনেক শিক্ষার্থী বিভিন্ন সময়ে আইনি সমস্যার মুখোমুখি হয়। এই সেলের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই আইনজীবীদের সহযোগিতা নিতে পারবে, যা তাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন ও শক্ত কণ্ঠস্বর হতে সহায়তা করবে।” এ সময় বিনামূল্যে সেবা প্রদানে আগ্রহী বিজ্ঞ আইনজীবীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

চাকসু ফ্রি লিগ্যাল এইড সেলে দেশের আইন অঙ্গণের খ্যাতনামা ব্যক্তিবর্গ যুক্ত রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসাইন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট তরিকুল ইসলাম। এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও চট্টগ্রাম জজ কোর্টের মোট ২০ জন স্বনামধন্য আইনজীবী এই সেলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য নারী আইনজীবীর  ব্যবস্থা করেছেন তারা।

সমাপনী বক্তব্যে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “আমাদের নির্বাচনী ইশতেহারগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ইশতেহার ছিল ফ্রি লিগ্যাল এইড সেল চালু করা। অবশেষে সেটি আজ উদ্বোধন করা হলো।” তিনি আরও বলেন, “আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের যেকোনো সমস্যার কার্যকর ও টেকসই সমাধানে চাকসু সর্বদা পাশে থাকবে, ইনশাআল্লাহ।”

চাকসু ফ্রি লিগ্যাল এইড সেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইনি সুরক্ষা, অধিকার সংরক্ষণ এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

সম্পর্কিত নিউজ