চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪টি মণ্ডপে সরস্বতী পূজা, সমাজবিজ্ঞান অনুষদের মণ্ডপ সবচেয়ে উৎসবমুখর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪টি মণ্ডপে সরস্বতী পূজা, সমাজবিজ্ঞান অনুষদের মণ্ডপ সবচেয়ে উৎসবমুখর
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার অনুষদভিত্তিক ও কেন্দ্রীয় মন্দির মিলিয়ে মোট ১৪টি মণ্ডপে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সবচেয়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে সমাজবিজ্ঞান অনুষদের মণ্ডপে।

আজ শুক্রবার, ২৩ জানুয়ারি, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। জ্ঞান, বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক বাগদেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজাকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন মণ্ডপে পুষ্পাঞ্জলি, বাণী অর্চনা, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে দেবীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

 

সরস্বতী পূজা উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণ আলপনা ও আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির, সমাজবিজ্ঞান অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কলা অনুষদ এবং বিজ্ঞান অনুষদের সামনে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে মণ্ডপ সাজিয়েছেন।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন্তিকা পাল বলেন, “এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় সরস্বতী পূজা। আমরা এই পূজাটি খুব আনন্দের সঙ্গে উদযাপন করি। যেহেতু এটি মূলত শিক্ষার্থীদের উৎসব, তাই অনেক রাত পর্যন্ত আমরা মণ্ডপ সাজানো ও গোছানোর কাজ করেছি। এবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪টি মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে।”

 

একই বিভাগের আরেক শিক্ষার্থী অহনা হালদার বলেন, “আমাদের অনুষদে পূজা হওয়ায় খুব ভালো লাগছে। শিক্ষার্থীরা মিলেই এই আয়োজন করেছি, শিক্ষকদেরও কিছু সহায়তা ছিল। বিশ্ববিদ্যালয়ে এবার ১৪টি মণ্ডপে পূজা হওয়ায় জগন্নাথ হলের মতো বড় আকারে না হলেও কিছুটা হলেও তেমন অনুভূতি তৈরি হয়েছে।”

 

আরেক শিক্ষার্থী শুভ বিশ্বাস বলেন, “সরস্বতী বিদ্যা ও শিল্পকলার দেবী। আমরা সবাই একত্রিত হয়েছি মায়ের কাছে প্রার্থনা করতে, যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় থাকে এবং আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি।”

সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক ও গবেষক রুনা সাহা বলেন, “আজ শুভ পঞ্চমী তিথিতে আমরা বিদ্যাধাত্রী সুরেশ্বরীর বন্দনা করেছি। এই বন্দনার মূল বিষয় হলো বিদ্যার আরাধনা, সুরের আরাধনা এবং শিল্পের আরাধনা—যে কোনো শিল্পেরই বন্দনা। আমরা প্রার্থনা করেছি, যেন আমাদের সবাইকে সুজ্ঞান ও সুবিদ্যা দান করা হয় এবং ঐকতানের সুরে সবাই একত্রিত হতে পারি।”

 

তিনি আরও বলেন, “এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষদভিত্তিক ও কেন্দ্রীয় মন্দির মিলিয়ে প্রায় ১৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত আয়োজন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। জাতি-ধর্ম নির্বিশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার মানুষ এখানে এসে পূজায় অংশ নিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করছেন।”

 

সরস্বতী পূজাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য আবহ।


সম্পর্কিত নিউজ