ঢাবিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণসভা অনুষ্ঠিত

ঢাবিতে শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণসভা অনুষ্ঠিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে ছিলেন : ঢাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল ও স্মরণসভা আজ সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।  

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স ম আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন বক্তব্য রাখেন। দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।

এসময় ডাকসু’র ভিপি সাদিক কায়েমসহ ডাকসু’র নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিলো খুবই সংক্ষিপ্ত।

অতি অল্প সময়ের জীবনে তিনি তার আদর্শকে মোটামুটি স্থাপন করতে পেরেছেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকান্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। আমরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চাই। এই হত্যাকান্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।


সম্পর্কিত নিউজ