{{ news.section.title }}
রাবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ অনুষ্ঠিত
- Author, রাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার 'নবীন বরণ–২০২৬' অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের ১২৫ নম্বর গ্যালারি কক্ষে এই আয়োজন সম্পন্ন হয়।
মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক শাকিরুল আলম শাকিল বলেন, লেখালেখি ধৈর্য্য এবং সাধনার ব্যাপার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ যারা বিভিন্ন পত্রিকায় লিখছেন, লেখার মানোন্নয়নে তাদের অনেক বেশি পড়তে ও জানতে হবে। পত্রিকায় লেখা প্রকাশ হওয়ায় স্বার্থকতা নয়, আমার লেখা সমাজ-রাষ্ট্রে কতটুকু ভূমিকা রাখতে পারছে সেটাও আলোচনায় আনতে হবে। দেশ বিনির্মানে তরুণদের প্রতিভাকে ভালো করে কাজে লাগাতে হবে।
ফোরামের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, নবীন বরণ আয়োজনের মাধ্যমে একঝাঁক স্বপ্নবাজ তরুণকে তাদের অন্তর্নিহিত লেখকসত্তা জাগ্রত করতে উদ্বুদ্ধ করা সম্ভব হয়েছে। তাদের শাণিত কলম সমাজের সকল অন্যায়, বৈষম্য ও অসত্যের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী ভাষা হয়ে উঠবে।
তিনি আরও বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার ভিত্তিতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি। যার ফলস্বরূপ আজকের এই বৃহৎ আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখকদের বুদ্ধিভিত্তিক এই প্ল্যাটফর্মের সাফল্য ধারাবাহিকভাবে বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা সংগঠনের উপদেষ্টা আরবি বিভাগের অধ্যাপক ড. আবু সালেহ মোহাম্মদ তোহা এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইমরান লষ্কর। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আরিফুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী সজীব।
অনুষ্ঠানে বক্তারা তরুণদের লেখালেখির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, কলাম লেখালেখি কেবল মত প্রকাশের মাধ্যম নয় বরং এটি একটি দায়িত্বশীল সামাজিক অনুশীলন।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পরবর্তীতে ২০১৯ সালে সংগঠনটির অন্যতম শাখা হিসেবে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ২৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে। লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহায়তা, পাশাপাশি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।