{{ news.section.title }}
জাবি অধ্যাপক নাহরীনকে ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জাকসুর
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে গণমাধ্যমে দেওয়া মন্তব্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অধ্যাপক নাহরীন ইসলাম খানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাকসু। একই সঙ্গে তাদের বক্তব্য, অধ্যাপক নাহরীনকে ৪৮ ঘণ্টার মধ্যে মন্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আব্দুর রশিদ জিতু ও জেনারেল সেক্রেটারি (জিএস) মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি অধ্যাপক নাহরীন একটি টেলিভিশন টকশোতে ‘জাকসু নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে’ মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে যেসব অভিযোগ তুলেছেন ব্যালটের মুড়িবই না থাকা, ব্যালটে নম্বর না থাকা এবং হাতে অমোচনীয় কালি না দেওয়া সেগুলো মিথ্যাচার ছাড়া কিছু নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচন চলাকালে পাঁচ শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন, তবুও কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। বরং অধ্যাপক নাহরীনের অপচেষ্টা, জোরপূর্বক ভোটকেন্দ্রে প্রবেশ এবং অরাজকতা সৃষ্টির চেষ্টার বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের এই ধরনের মিথ্যাচার শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারকে অবমূল্যায়ন করা ছাড়া কিছু নয়।
জাকসু আশা প্রকাশ করে বলে, অধ্যাপক নাহরীন ইসলাম ৪৮ ঘণ্টার মধ্যে তার মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাহার করবেন। অন্যথায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।