বেইজিং ও মস্কোর বন্ধুত্ব বিশ্বকে স্থিতিশীল রাখছেঃ পুতিন

বেইজিং ও মস্কোর বন্ধুত্ব বিশ্বকে  স্থিতিশীল রাখছেঃ পুতিন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক ও বৈশ্বিক রাজনীতিতে এর ভূমিকা নিয়ে ভিডিও কলে আলোচনা করেন। এসময় পুতিন বলেন, “বেইজিং ও মস্কোর বন্ধুত্ব বিশ্বকে ‘স্থিতিশীল’ রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে।“

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ভিডিও কলে পুতিন আরও বলেন, “ক্রমশ গোলযোগপূর্ণ হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে পররাষ্ট্রনীতির বিষয়ে মস্কো ও বেইজিংয়ের ঐক্যমত্য বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান।“

এসময় তিনি দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার প্রশংসা করেন। দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও কৌশলগত বলে উল্লেখ করেন তিনি।
ভিডিও কলের বিষয়টি নিশ্চিত করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেন, ‘দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছেন।‘

এর আগে দেশদ্বয়ের শীর্ষ কূটনীতিকেরা মন্তব্য করেন যে চীন ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক চলতি বছরে ‘নতুন যুগে প্রবেশ’ করবে। তারা জানান দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও জোরদার করা হবে।

প্রসঙ্গত ২০২২ এ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করে দেয়। এসময় ভ্লাদিমির পুতিন চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করে তোলে।

বিশ্লেষকরা মন্তব্য করেন যে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জন্য অন্যতম কৌশলগত অংশীদার এখন চীন।


সম্পর্কিত নিউজ