আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব–২০২৬’

আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব–২০২৬’
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

আগামীকাল শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক উৎসব। ইয়ুথ পাওয়ার ইন অ্যাকশন (ইপসা)-নিবেদিত ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব–২০২৬’ অনুষ্ঠিত হবে ৬ ও ৭ ফেব্রুয়ারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এই উৎসব বাস্তবায়ন করছে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (CUSD)। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, “ভাঙো রুদ্ধ চিন্তার বেষ্টনী” স্লোগানকে সামনে রেখে স্বাধীন চিন্তা, যুক্তি ও বিশ্লেষণধর্মী চর্চাকে উৎসাহিত করতেই এ আয়োজন।

উৎসবের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য শিক্ষা উপ-উপাচার্য ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য প্রশাসন ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে চেয়ারপার্সন হিসেবে থাকবেন সিইউএসডি-এর মডারেটর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়ুথ পাওয়ার ইন অ্যাকশন (YPSA)-এর ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ ড. মোহাম্মদ আরিফুর রহমান।

আয়োজকরা জানিয়েছেন, এটি একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা যেখানে সারাদেশ থেকে আন্তঃস্কুল-কলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকরা অংশ নেবেন। সংসদীয় পদ্ধতির বিতর্কে অংশগ্রহণকারীরা তাদের যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী সক্ষমতা ও বক্তৃতা দক্ষতা তুলে ধরবেন। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের স্বনামধন্য সাবেক বিতার্কিকরা। আয়োজকদের মতে, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মুক্তচিন্তা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং সমাজ-উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটবে।

উৎসবটির সার্বিক সহযোগিতায় রয়েছে ইপসা, আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং জার্মান ফেডারেল ফরেইন অফিস। অংশীদার হিসেবে যুক্ত আছে এমবিএ অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব চিটাগাং (MAUC), বৃদ্ধি (Briddhi Financial Technologies), বিজক্লাব (BizClub) এবং এইমস এডুকেশন (AIMS Education)। লিগ্যাল সহায়তায় রয়েছে ট্যাক্স সলিসিটর। রিফ্রেশমেন্ট ও ব্র্যান্ড পার্টনার হিসেবে থাকছে স্টারশিপ ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক, আমা (AMA) অথেন্টিক ব্রাজিলিয়ান কফি এবং কুড়মুড়ে (Kurmure)। লজিস্টিক সাপোর্ট দিচ্ছে ইকো ভ্যালি বিডি (Eco Valley BD)। মিডিয়া সহযোগিতায় দৈনিক পূর্বকোণ প্রিন্ট মিডিয়া পার্টনার, বাংলা টিভি স্যাটেলাইট মিডিয়া পার্টনার এবং জাগরণ টিভি ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।


সম্পর্কিত নিউজ