গুলিবিদ্ধ জাবের ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির বিক্ষোভ

গুলিবিদ্ধ জাবের ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রশক্তির বিক্ষোভ
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরকে গুলিবিদ্ধ করার ঘটনা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ‘অদম্য–২৪’ ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অণ্বেষা বলেন, পবিত্র জুমার নামাজের দিনে গুলিবিদ্ধ হয়ে হাদী ভাইয়ের শাহাদাতের ঘটনায় এখনো বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া প্রলম্বিত করে বিচারহীনতার সংস্কৃতি বজায় রেখেছে।
তিনি আরও বলেন, ১২ তারিখের আগেই সরকারকে শক্ত ও স্পষ্ট অবস্থান জানাতে হবে। হাদী ভাই হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চের সঙ্গে সংহতি রেখে রাজপথে থাকার ঘোষণা দিচ্ছি।

এসময় জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, হাদী হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের যে হামলা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি দাবি করে বলেন, রাষ্ট্র শরীফ ওসমান হাদী হত্যার নিরপেক্ষ তদন্তে ব্যর্থ হয়েছে। দেওয়া চার্জশিটে এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ডদের নাম অনুপস্থিত। তাই এই হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক প্রক্রিয়ায় হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আমরা নির্বাচন প্রক্রিয়ার বিরোধী নই। তবে বিচার দাবিতে আন্দোলন দমন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।


সম্পর্কিত নিউজ