{{ news.section.title }}
হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা চাকসুর, জাতিসংঘের অধীনে তদন্তের দাবি
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে আন্দোলনরত জনগণের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। একই সঙ্গে হত্যাকাণ্ডটির তদন্ত ও বিচার জাতিসংঘের অধীনে পরিচালনার দাবি জানিয়েছে চাকসু।
রোববার (৩ ফেব্রুয়ারি) চাকসুর সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবিতে ইসলামী মঞ্চের উদ্যোগে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। ওই কর্মসূচিতে শহীদের স্ত্রী ও শিশু সন্তানসহ ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশ নেন। তবে শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালায়।
চাকসু জানায়, হামলায় ইসলামী মঞ্চের সদস্য সচিবসহ চিকিৎসক, শিক্ষক, রাকসু’র নির্বাচিত প্রতিনিধি এবং প্রায় শতাধিক ছাত্র-জনতা আহত হন। পরিস্থিতির মুখে আন্দোলনকারীরা মসজিদে আশ্রয় নিলেও পুলিশ সেখানে প্রবেশ করে তাদের আটক করে নিয়ে যায়। চাকসুর মতে, এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, চাকসু দৃঢ়ভাবে দাবি জানাচ্ছে যে, অবিলম্বে ইসলামী মঞ্চের দাবির প্রতি সম্মান জানিয়ে শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার জাতিসংঘের অধীনে পরিচালনা করতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।