ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ মিছিল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে দশটায় মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এক জুমাবার আমার ভাই হাদী হত্যার পর আরেক জুমাবার আমার ভাইদের উপর আঘাত করা হয়েছে। বিচার চাইতে গিয়ে গুন্ডা লীগের হাতে আমার ভাইবোনেরা আহত হয়েছে। আমাদের জকসু প্রতিনিধি শান্তার উপর আঘাত করা হয়েছে।  আমরা এই পুলিশের সংস্কার চাই। পুলিশকে বলা হয় আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর নাম করে আইনের যত বিশৃঙ্খল কাজ আছে তাদের মাধ্যমে হচ্ছে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানে এই পুলিশ কিভাবে সন্ত্রাসের ভুমিকা পালন করেছিল। আমরা এই পুলিশের সংস্কার চাই এবং অবশ্যই তা করতে হবে।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, আমাদের মহান জুলাই বিপ্লবের পরে আমরা রাষ্ট্রের কাছে আবেদন করেছিলাম যে, যে সকল প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ সদস্য সরাসরি হামলার সাথে জড়িত তাদেরকে বরখাস্ত করে নতুন ভাবে সার্কুলার দিয়ে নতুন প্রজন্মের ছাত্রদের থেকে পুলিশ নিয়োগ দেওয়া। কিন্তু বর্তমান সরকার এটা করতে ব্যার্থ হয়েছে। যার ফলস্বরূপ এখন আমাদের উপর যখন হামলা হয়, আমাদের শিক্ষার্থীরা যখন মার খায়, যখন কুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মার খায় তখন পুলিশ আসামিদের ধরতে ব্যার্থ হয়।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যখন মার খায় এবং হামলাকারীর কোন রাজনৈতিক পরিচয় থাকে তখন এই পুলিশ বিড়ালের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। কিন্তু আমরা যখন কোন ন্যায্য দাবী নিয়ে মাঠে নামি, যখন আমরা আমাদের ভাই হত্যার বিচার চেয়ে মাঠে নামি তখন এই বিড়ালের বাচ্চাগুলো নেকড়ে হয়ে যায়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। 


সম্পর্কিত নিউজ