ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা উঠলো সিইউএসডি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা উঠলো সিইউএসডি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘৩য় সিইউএসডি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন অপরাজেয় বাংলা এবং চট্টগ্রাম কলেজের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

“ভাঙো রুদ্ধ চিন্তার বেষ্টনী” স্লোগানকে সামনে রেখে চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করে সামাজিক উন্নয়ন সংস্থা ইপসা (YPSA) ও সেভ দ্য চিলড্রেন এবং অর্থায়নে সহায়তা দেয় জার্মান ফেডারেল ফরেন অফিস। প্রতিযোগিতার প্রথম দিনে টানা চারটি ট্যাব রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এবং পরদিন অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের শীর্ষ ২৪টি বিতর্ক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অপরাজেয় বাংলা এবং রানার্সআপ হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দল। আন্তঃকলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ ডিবেটিং সোসাইটি এবং রানার্সআপ হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ডিবেটিং সোসাইটি। পাশাপাশি আন্তঃস্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অত্যন্ত বেশি এবং বিতর্ক চর্চা সত্য উদ্ঘাটন ও ইতিহাস বিকৃতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সিইউএসডির সাবেক সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিতার্কিকদের অংশগ্রহণে এই জাতীয় আয়োজন একটি বুদ্ধিবৃত্তিক উৎসবে পরিণত হয়েছে। তিনি সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সিইউএসডির মডারেটর অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা, ইপসার প্রজেক্ট অফিসার (মিল) এস. এম. শাহরিয়ার আলম এবং বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সাইফুদ্দিন মুন্না ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রহমান।

আয়োজকদের মতে, গত ১৭ বছর ধরে যুক্তিনির্ভর ও প্রগতিশীল সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিইউএসডি এবং এ ধরনের জাতীয় আয়োজন শিক্ষার্থীদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, যুক্তিনিষ্ঠ মতপ্রকাশ ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সম্পর্কিত নিউজ