{{ news.section.title }}
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ২৪/৭ জরুরি হেল্পলাইন চালু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা চালু থাকবে এমন একটি জরুরি হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় ক্যাম্পাসে এ হেল্পলাইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, এই ২৪/৭ জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই সুবিধা যথাযথভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে কার্যকর সহায়তা প্রদান করবে।
চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, আগে জরুরি হেল্পলাইন না থাকায় শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হতো। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী এই হেল্পলাইন চালু করা হয়েছে এবং এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।
নতুন চালু হওয়া এই হেল্পলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময়ে জরুরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। হেল্পলাইনের আওতায় থাকবে মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সহায়তা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চাকসু প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।