জবির সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু লায়েক

জবির সিএসই বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক আবু লায়েক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আবু লায়েক। তিনি আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা মোতাবেক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েককে পরবর্তী তিন বছরের জন্য ওই বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব প্রদান করা হলো। এই আদেশ আজ ৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে

এছাড়া, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

এর আগে, সিএসই বিভাগের চেয়ারম্যান পদের মেয়াদ গতবছরের ২ সেপ্টেম্বর শেষ হয়। এরপর দুই অধ্যাপকের মধ্যে কে চেয়ারম্যান হবেন তা নিয়ে দ্বন্দ্বে নিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগের সব শিক্ষকদের সভায় বিজ্ঞান অনুষদের ডিন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু গত ১৪ সেপ্টেম্বর বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ড. পরিমল বালাকে উদ্দেশ্য করে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার পর ড. পরিমল বালা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান এবং দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেন।

এরপর গত ১৭ সেপ্টেম্বর নতুন চেয়ারম্যান হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীনকে নিযুক্ত করা হয়। তিনি গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন।


সম্পর্কিত নিউজ