পুরান ঢাকার কলতাবাজার থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার কলতাবাজার থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর কলতাবাজার ওয়াসা পানির পাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা।

তার মৃত্যুর বিষয়ে পাশের রুমে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, সারদিন রুমের দরজা বন্ধ ছিল। রাত নয়টায় দিকে তার এক বান্ধবী আসে। তখন আমরা দরজা ধাক্কা দেই। প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ধাক্কা দেওয়া সত্বেও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন দেই।পরে নিচ থেকে একটি ছেলে এসে হাতুরি দিয়ে দরজা ভাঙ্গলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সাথে  গতকাল রাতে সর্বশেষ কথা হয়েছিল। সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল। সে তার মাকে জানায় তার শরীর ভালো না। পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারো সাথে যোগাযোগ হয় নি। আজ তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে,তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভিতর থেকে বন্ধ পেলে তারা দরজা ভেঙে ফেলে। এরপর রুমে রাকিবাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি নাজমুল হক জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।আপাতদৃষ্টিতে আত্বহত্যা বলতে চাচ্ছি না।পোস্টমর্টেমের পর অন্য কোনো কারন থাকলে জানা যাবে। এখন ঢালাওভাবে কিছু বলতে চাচ্ছি না।

সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন,আমরা ঘটনাস্থলে আছি। পুলিশ ঘটনাস্থলে আছেন। তার পরিবারকেও জানানো হয়েছে। তারা আসতেছে।লাশ মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পরবর্তী প্রক্রিয়া শেষে আমরা বিস্তারিত জানতে পারব।


সম্পর্কিত নিউজ