{{ news.section.title }}
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্তে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জোর দাবিও জানায় সংগঠনটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে দেশের অধিকাংশ সাংবাদিক মোবাইল জার্নালিজম (MoJo)-এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচার করেন। মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সাংবাদিকতার একটি পূর্ণাঙ্গ ও স্বীকৃত টুল। দেশ-বিদেশে মোজো সাংবাদিকতা ক্রমেই জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে উঠলেও বাংলাদেশের জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়ায় সাংবাদিকদের এভাবে কার্যত অক্ষম করে দেওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সিদ্ধান্ত স্পষ্টতই হঠকারী, অযৌক্তিক ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মনে করেন, ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের মোবাইল ফোন দূরে রাখার অর্থ হলো তাৎক্ষণিক তথ্য সংগ্রহ ও প্রচারে বাধা সৃষ্টি করা, অনিয়ম, জালিয়াতি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ঘটনা গণমাধ্যমে প্রকাশ পাওয়ার সুযোগ সীমিত করা, সর্বোপরি জনগণের জানার অধিকার ক্ষুন্ন করা।
প্রেসক্লাব নেতৃবৃন্দ আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করাই গণতন্ত্র রক্ষার পূর্বশর্ত। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে গণমাধ্যমকে প্রতিবন্ধকতা নয়, বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। সাংবাদিকদের কাজ সীমাবদ্ধ করার মাধ্যমে নির্বাচন স্বচ্ছ হবে, এমন ধারণা বিভ্রান্তিকর ও গণতন্ত্রবিরোধী। রাবি প্রেসক্লাব নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সকল সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের এ অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।