চবি’তে এসিএস নবীন সংবর্ধনা: “আত্মবিশ্বাস ও দক্ষতাই চাকরিজীবনের সাফল্যের মূল চাবিকাঠি”

চবি’তে এসিএস নবীন সংবর্ধনা: “আত্মবিশ্বাস ও দক্ষতাই চাকরিজীবনের সাফল্যের মূল চাবিকাঠি”
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে থাকতে হলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) স্টুডেন্ট চ্যাপ্টার আয়োজিত নবীন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন সদস্যদের সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা প্রদান এবং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি, সংগঠনের কার্যক্রম উপস্থাপন এবং নেতৃত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের শিল্প খাতে রসায়নবিদদের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পকারখানার মধ্যে সমন্বয় জোরদার হওয়ায় চাকরির বাজার আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। তাই একজন গ্রাজুয়েটকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওশানোগ্রাফি বিভাগের সাবেক সভাপতি ও আইকিউএসি’র অ্যাডিশনাল ডিরেক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের কো-অ্যাডভাইজার ড. মো. কামরুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও পেশাগত প্রস্তুতিতে ছাত্রসংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতৃত্ব বিকাশ ও গবেষণাভিত্তিক চিন্তাধারা গড়ে তুলতে ACSCU-এর মতো সংগঠনের কার্যক্রম শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মুসলেম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহশিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ড. মো. কামরুল হোসাইন শিক্ষার্থীদের ACSCU-এর মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে এসিএস স্টুডেন্ট চ্যাপ্টারের সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. যায়িদ, মাহমুদ শরীফ, মো. রুকশাত, মো. বেলায়েত হোসেন এবং ইয়াকিন এহসান তাঁদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মো. মিরাজ হোসেন এবং সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিব মিয়া। দিনব্যাপী এ কর্মসূচিতে উদ্বোধনী পর্ব, সংগঠন পরিচিতি, অতিথি সেশন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আমেরিকান কেমিক্যাল সোসাইটি (ACS) স্টুডেন্ট চ্যাপ্টার, ইউনিভার্সিটি অব চিটাগং সম্প্রতি অনুষ্ঠিত ACS Membership Recruitment Contest-এ বিশ্বের সব আন্তর্জাতিক স্টুডেন্ট চ্যাপ্টারের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।


সম্পর্কিত নিউজ