রাবিতে এই প্রথম নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা

রাবিতে এই প্রথম নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা
  • Author, রাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন চর্চার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এই প্রথম ‘নজরুল চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, “নজরুল চর্চা কেন্দ্র সত্যিকার অর্থেই অবহেলিত হয়েছে। অনেক জায়গায় রবীন্দ্রনাথ চর্চা কেন্দ্র থাকলেও নজরুল চর্চা কেন্দ্র নেই। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। কিন্তু নানা কারণে নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ সব জায়গায় যথাযথভাবে দেখা যায় না।"

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, নজরুল চর্চা কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করেছেন। তিনি বলেন, “এটির বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এ কাজে অনেকে পরিশ্রম করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন,‌   “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি বাঙালির জাতীয় জীবনে এক অনন্য প্রেরণার নাম। তার সাহিত্য, সংগীত ও দর্শনে বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িকতার শক্তিশালী প্রকাশ রয়েছে। নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখার আলম মাসঊদ এবং জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাপাখানার প্রশাসক ড. মাহফুজুর রহমান আখন্দ।


সম্পর্কিত নিউজ