{{ news.section.title }}
নির্বাচনে ভোট দিতে পরিবহন সুবিধার দাবিতে চবি প্রধান ফটকে তালা, চাকসুর কর্মসূচিতে ছাত্রদলের সংহতি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাতীয় নির্বাচনে অংশ নিতে দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য দূরপাল্লার পরিবহনের ব্যবস্থা করার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। চাকসুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরাও। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রধান ফটক বন্ধ রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান এবং ছাত্রদল নেতা সায়েম উদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন। এসময় প্রায় অর্ধশত শিক্ষার্থী ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও সেখানে এসে সংহতি প্রকাশ করেন।
দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবরারুল হক বলেন, শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করতে চাকসু বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি পরিবহন ব্যয়ের পুরো অর্থ চাকসুর পক্ষ থেকে বহনের প্রস্তাব দেওয়ার পরও প্রশাসন সম্মতি দেয়নি। বর্তমানে বাইরে থেকেও বাস পাওয়া যাচ্ছে না। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা দিলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মসূচিতে উপস্থিত ছাত্রদলের সহ-সভাপতি সায়েম উদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় মাত্র দুই দিন আগে ছুটি ঘোষণা করায় প্রায় দেড় থেকে দুই হাজার শিক্ষার্থী ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। বাস কাউন্টার ও রেলস্টেশন ঘুরেও অনেক শিক্ষার্থী টিকিট পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ব্যবহার করার প্রস্তাব দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। ফলে বহু শিক্ষার্থীর জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চাকসুর কার্যনির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান বলেন, ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে অনেক শিক্ষার্থী ভোটকেন্দ্রে যেতে পারছেন না। শিক্ষার্থীদের এই সমস্যার সমাধানে প্রশাসনের কাছে বাসের দাবি জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই প্রতিবাদস্বরূপ প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করা হচ্ছে এবং বাসের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, নির্বাচন উপলক্ষে বাড়ি যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থায় যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের যেসব গাড়ি রয়েছে, সেগুলোর অধিকাংশ দীর্ঘ দূরত্বে চলাচলের উপযোগী নয় এবং চালকদেরও এ ধরনের দূরপাল্লার অভিজ্ঞতা সীমিত। এছাড়া চালকদের নিজেদের ভোট দেওয়ার বিষয়ও রয়েছে। সব দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে বর্তমানে বাসের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না