{{ news.section.title }}
জাকসুর পক্ষপাতদুষ্ট বিজ্ঞপ্তির প্রতিবাদে জাবি ছাত্রদলের নিন্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর সাম্প্রতিক প্রেস বিজ্ঞপ্তিকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে সারাদেশে জামায়াত-শিবির ও ১১ দলীয় জোটের হামলার ঘটনাগুলোরও তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
রবিবার(১৫ ফেব্রুয়ারি)জাবি ছাত্রদল সদস্য-আহবায়ক ও সহ-দপ্তর সম্পাদক(চলতি দায়িত্বে) জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাকসু একটি নিরপেক্ষ ছাত্রসংসদ হিসেবে প্রতিষ্ঠিত, যেখানে রাজনৈতিক ও অরাজনৈতিক সকল শিক্ষার্থীর অধিকার, মতামত ও নিরাপত্তার প্রশ্নে সমানভাবে কথা বলার কথা। কিন্তু সম্প্রতি সারাদেশে সংঘটিত সহিংসতা ও হামলার ঘটনাকে কেন্দ্র করে জাকসুর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে একটি বিশেষ রাজনৈতিক পক্ষের অবস্থান প্রতিফলিত হয়েছে, যা একটি নিরপেক্ষ ছাত্রসংসদের প্রত্যাশিত ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, পটুয়াখালীর বাউফল, কুমিল্লার দেবীদ্বার, নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নোয়াখালীর হাতিয়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় জামায়াত-শিবির ও ১১ দলীয় জোটের সংশ্লিষ্টতা নিয়ে দেশব্যাপী আলোচনা থাকলেও এ বিষয়ে জাকসু কোনো প্রতিবাদ বা নিন্দা প্রকাশ করেনি। অথচ অন্য একটি ঘটনাকে কেন্দ্র করে একতরফা অবস্থান গ্রহণ করায় জাকসুর ঘোষিত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছে ছাত্রদল।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এক যৌথ বিবৃতিতে বলেন, একটি ছাত্রসংসদ কখনোই নির্বাচিতভাবে একপাক্ষিকভাবে মানবাধিকার, গণতন্ত্র বা সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। ন্যায়বিচারের প্রশ্নে নীরবতা এবং রাজনৈতিক সুবিধাবাদী বক্তব্য ছাত্রসমাজের আস্থাকে ক্ষুণ্ন করে।
তারা আরও বলেন, সারাদেশে জামায়াত-শিবির ও ১১ দলীয় জোটের ধারাবাহিক হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং এসব ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে সহিংসতা বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।