{{ news.section.title }}
রমজানে ইবির অফিস সময়সূচি পুনর্নির্ধারণ, বন্ধ থাকছে অফলাইন ক্লাস
পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি রমজানে বন্ধ থাকবে অফলাইন ক্লাস; অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিভাগসমূহ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রমজানকালীন অফিসের সময়সূচি পুনর্নির্ধারণের বিষয়ে জানা যায়।
অফিস আদেশ সূত্রে জনা যায়, পবিত্র রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত খোলা থাকবে। দুপুর ১:১৫টা থেকে ১:৩০টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) এবং শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১২ দিন বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।
তবে ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ- চিকিৎসা সেবা, পানি সরবরাহ, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট সেবা চালু থাকবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী, পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দোল-উৎসব, শব-ই-ক্বদর, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক জানান, ক্লাসের বিষয়ে উপাচার্য মহোদয় ডিন মহোদয়দের সাথে কথা বলেছেন; শুধুমাত্র অনলাইন ক্লাস নেওয়া যায় কিনা, কতদিন নেয়া যায়, এ বিষয়ে ডিন মহোদয়দের দায়িত্ব দিয়েছেন। অনলাইন ক্লাসের বিষয়ে ডিন মহোদয়েরা বিভাগীয় সভাপতিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। এটা বাধ্যতামূলক না, যে বিভাগগুলো করতে চাইবে করতে পারবে।
পরীক্ষায় বিষয়ে তিনি বলেন, বিভাগ যে পরীক্ষাগুলো ডিজাইন করে রেখেছে সেগুলো চলবে।