আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবিতে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবিতে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের অংশগ্রহণে ব্যতিক্রমী এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘১ টাকায় শিক্ষা’ ও ‘গ্রীন ক্যাম্পাস’-এর যৌথ উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত পথশিশু অংশ নেয়। ভাষা আন্দোলনের চেতনা ও পরিবেশ সচেতনতা তুলে ধরতে শিশুদের নিয়ে গান, কবিতা আবৃত্তি এবং একুশভিত্তিক বিভিন্ন পরিবেশনা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

১ টাকায় শিক্ষা ফাউন্ডেশনের ইনচার্জ নূর অনিশা বলেন, তাদের সংগঠন নিয়মিতভাবে পথশিশুদের পাঠদান ও নৈতিক শিক্ষার কার্যক্রম পরিচালনা করে। ভাষা দিবস উপলক্ষে গ্রীন ক্যাম্পাসের সঙ্গে যৌথভাবে এই আয়োজনের মাধ্যমে শিশুদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই সচেতনতা গড়ে তোলাই ছিল এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

কো-ইনচার্জ নিশাত তাসনিম বলেন, শুধু পাঠদানে সীমাবদ্ধ না থেকে শিশুদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। একুশ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়েছে। ভালো পারফরম্যান্সকারীদের পুরস্কার দেওয়া হয়েছে, যাতে তারা আরও উৎসাহিত হয়।

গ্রীন ক্যাম্পাসের সাধারণ সম্পাদক তাসফিয়া বলেন, ভাষা দিবসকে কেন্দ্র করে ভিন্নধর্মী কিছু করার চিন্তা থেকেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের অংশগ্রহণ ও আগ্রহ প্রমাণ করে, যথাযথ সুযোগ পেলে তারা অনেক ভালো করতে পারে। ভাষা দিবস শুধু একটি দিনের বিষয় নয়, বরং ভাষার মর্যাদা রক্ষার দায়বদ্ধতা সারা বছরের। শিশুদের মধ্য থেকেই সেই চেতনার শুরু হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
 


সম্পর্কিত নিউজ