{{ news.section.title }}
রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়া সেখানে অন্যদের মধ্যে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসকে ঘিরে ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করা হয়। সকাল ৮টা থেকে বিভিন্ন আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট, রাবি শিক্ষক সমিতি, রাবি মহিলা ক্লাবসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান, রাবি স্কুলসমূহ প্রভাতফেরিসহ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০টায় সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় কোরআনখানি ও মোনাজাত।
দিবসের কর্মসূচিতে আরো ছিল রাবি স্কুল ও মডেল স্কুলে রচনা প্রতিযোগিতা, রাকসুর কবিতা আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা, রাবি শিক্ষক সমিতি, অফিসার সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী ইউনিয়ন ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির আলোচনা সভা ও সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা। এদিন শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রয়েছে।