{{ news.section.title }}
চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চবি সংসদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর (জিরো পয়েন্ট) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বসবাসরত বিভিন্ন আদিবাসী জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে সাংবিধানিক স্বীকৃতি ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি। তারা দাবি জানান, আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হলে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ সহজ হবে এবং শিক্ষায় বৈষম্য কমবে।
বক্তারা আরও বলেন, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না থাকায় তাদের অধিকার ও সাংস্কৃতিক অস্তিত্ব ঝুঁকির মুখে রয়েছে। ভাষা আন্দোলনের চেতনার আলোকে সব জাতিসত্তার ভাষার মর্যাদা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচির আগে শহীদ মিনার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি সংক্ষিপ্ত মিছিল বের করা হয়। মানববন্ধনে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।