আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইবিতে আঞ্চলিক রম্য বিতর্ক প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আঞ্চলিক ভাষায় “আমার কাছে আমার জেলাই সেরা” শীর্ষক রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আয়োজনে বিকেল সাড়ে ৩ টায় ক্রিকেট মাঠ প্রাঙ্গনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিচারক হিসেবে ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র (আইইউডিএস) সদস্য-সচিব দিদারুল ইসলাম, শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান বিশ্বাস।  

বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী, ময়মনসিংহ নীলফামারী, সিলেট, বগুড়া, গোপালগঞ্জ, চট্টগ্রাম চুয়াডাঙ্গা, নীলফামারীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রত্যেকে আঞ্চলিক ভাষায় নিজ নিজ জেলাকে সেরা প্রমাণ করার জন্য মজার ছলে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, বলা হয়ে থাকে বিতর্ক সত্যকে অনুসন্ধান করে বের করে আনে। সত্য অনুসন্ধান করা তখনই সফল হবে যখন বিতার্কিকরা সত্যবাদী হবে। আমরা প্রত্যেকে নিজ জায়গা থেকে সত্যবাদী হবো এবং সত্যকে অনুসন্ধান করবো। আমাদের প্রত্যেকের মাধ্যমে সত্য উদঘাটিত হোক, সমাজে সত্য প্রতিষ্ঠিত হোক।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলী বলেন, আল্লাহ্ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন এবং অসংখ্য বৈচিত্র্যময় ভাষা দিয়েছেন। আমার মাতৃভাষা বাংলা, এজন্য আমি গর্বিত। কারণ পৃথিবীতে বাংলা ভাষা একমাত্র ভাষা যার জন্য জীবন দিতে হয়েছে। সেজন্য বাংলা ভাষাকে সম্মান দিয়ে ২১শে ফ্রেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রশিবির এই দিনটিকে স্মরণ রাখার জন্য, ভাষাকে সম্মান দেয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। মানুষ যেন মাতৃভাষাকে ভুলে না যাই। আমরা দেখছি বেশি আধুনিক হতে যেয়ে আমরা নিজের মাতৃভাষাকে ভুলে যাই। ছাত্রশিবির চাই সকল শিক্ষার্থীকে নিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গঠন করতে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করি। 
 


সম্পর্কিত নিউজ