{{ news.section.title }}
রমজানে ইবি ছাত্রশিবিরের উদ্যোগে অর্থ ও ব্যাখ্যাসহ কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য অর্থ ও ব্যাখ্যাসহ 'আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা-২০২৬' এর আয়োজন করেছে শাখা ছাত্রশিবির।
আয়োজন সূত্রে জানা যায়, আগামী ২৩ রমজান (১৩ মার্চ) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের একটি ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার সিলেবাসে রয়েছে সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর এবং সূরা যিলযাল এবং তাফসীর গ্রন্থ হিসেবে তাফহীমুল কুরআন নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ও ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ১৫ রমজান (৫ মার্চ ২০২৬) পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকবে। রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/zjY3a41eAExBnuKr6
রেজিস্ট্রেশন সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানে পরীক্ষার সার্বিক আপডেট ও নির্দেশনা প্রদান করা হবে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাবে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী ৩ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে ১ হাজার টাকা করে পুরস্কার পাবেন।
এবিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, "রমজান মাস কুরআন নাজিলের বরকতময় মাস। এই পবিত্র মাসের মহিমা ও তাৎপর্য অনুধাবন করে কুরআন অধ্যয়নের মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তাঁর প্রিয় বান্দা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি—এই মহান উদ্দেশ্যকে সামনে রেখেই এই কুরআনিক কুইজের আয়োজন করা হয়েছে।"
তিনি আরও বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো, শিক্ষার্থীরা যেন কুরআন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে পারে এবং কুরআনের সাথে তাদের সম্পর্ক আরও গভীর, দৃঢ় ও অর্থবহ হয়ে ওঠে।"