ইবি কালচারাল সোসাইটি’র যাত্রা শুরু, নেতৃত্বে শিশির-মোসাদ্দেক

ইবি কালচারাল সোসাইটি’র যাত্রা শুরু, নেতৃত্বে শিশির-মোসাদ্দেক

সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার উদ্দেশ্যে ‎ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কালচারাল সোসাইটি’র (আইইউসিএস) যাত্রা শুরু হয়েছে। এতে আহবায়ক হিসেবে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: শান্ত শিশির এবং সদস্য সচিব হিসেবে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন মনোনীত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা: কামরুজ্জামান সাক্ষরিত এক পত্রে এই নতুন কমিটির বিষয়ে জানানো হয়।

‎কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন তাজমীন রহমান, নওশীন শার্মিলী, ইকবাল হোসেন ইমন, জোবায়ের ইসলাম সাকিব, আব্দুল মোহাইমিনুল ইসলাম, তৌফিক হাসান, মিলান্ত জোয়ার্দার, সুমাইয়া, মো: তানভীর, মো: মাহদী হাসান, মো: সাইফুল হক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আহমাদ জাবের, ফাহিম ফয়সাল, সাইদুল কবির স্বাধীন ও মো: রিফাত ইসলাম।

‎সংগঠনটির নতুন আহবায়ক শান্ত শিশির জানান, মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ও আচরণ পরিবর্তনের অন্যতম নিয়ামক হচ্ছে সংস্কৃতি। যা মানুষকে সামাজিক জীব হিসেবে সামাজিকতা ও সম্প্রীতি শেখায়। আর এই বন্ধনই মানুষ, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যায়। সেই সংস্কৃতিই যখন কলুষতার আস্তরণে চাপা পরে তখনই সৃষ্টি হয় সামাজিক অস্থিতিশীলতা ও মানবিক ভঙ্গুরতার। তাই একটি সমাজকে সুস্থতার মানদন্ডে উত্তীর্ণ হতে অবশ্যই সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন। আর এই দায়িত্ব আমার, আপনার, আমাদের। সেই চিন্তা থেকেই মানুষ ও সমাজের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের এই সিদ্ধান্ত।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমরা পূর্ণ মাত্রার সুষ্ঠু সাংস্কৃতিক কার্যক্রম দেখিনা। এ বিষয়টিও বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দায়িত্বশীলতা, দেশপ্রেম ও মূল্যবোধ সৃষ্টিতে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, ইবি কালচারাল সোসাইটি একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 


সম্পর্কিত নিউজ