{{ news.section.title }}
শীত পেরিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাছে গাছে মুকুলের
শীতের রিক্ততা ছাপিয়ে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। শীতের প্রকোপ কমতেই গাছে গাছে মাথাচাড়া দিয়ে উঠেছে আমের মুকুল। প্রকৃতির পালাবদলে সবুজে ঘেরা ইসলামী বিশ্ববিদ্যালয়েও শোভা ছড়িয়ে যাচ্ছে হলদে সবুজ আমের মুকুল
আমের মুকুল নিয়ে কবি আবদুর রহমান লিখেছিলেন ‘আম গাছে ধরল মুকুল নতুন শাখে শাখে; ফাগুন তাকে সাজিয়েছে নতুন কনের সাঝে; কত মাছি আসে ছুটে; কত মধু নেয় যে চুষে; কত পাখি গাইলো গান; মুকুলের মন সজীব চঞ্চল।’ তার সেই পঙক্তিই এখন বাস্তব রূপে দেখা দিচ্ছে সবখানে।
মুকুলের মিষ্টি ঘ্রানে মুখরিত হয়ে ওঠে উঠেছে বিশ্ববিদ্যালয়ের আমতলা, ঝাল চত্বর, আইন অনুষদ প্রাঙ্গণ, ডরমেটরিসহ বিভিন্ন হল, ফ্যাকাল্টিগুলো।
আম গাছের নিচে জমতে শুরু করেছে মুকুলের পরদ। গাছে গাছে শোনা যাচ্ছে মৌমাছিরা গুঞ্জন। শীতের প্রকোপ কমতেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের আম গাছগুলো। থোকা থোকা মুকুলের ভারে নুইয়ে পড়েছে গাছের চিকন চিকন ডালপালা। শীত ছাপিয়ে বসন্তের আগমনে এমন দৃশ্য দেখা গেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে।
ক্যাম্পাসের বাতাসে মৌ মৌ করছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। ডালে ডালে দেখা মিলছে মৌমাছি রং বেরঙের প্রজাপতি ও বিভিন্ন ধরনের পাখির।সূর্যের সোনালী আলোয় মৃদু বাতাসে দুলতে থাকা মুকুল গুলো দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। হলদে সবুজ মুকুলের রঙে যেন বসন্তের সাজে সেজেছে বিশ্ববিদ্যালয়। এ দৃশ্য মুগ্ধ করছে শিক্ষার্থী ও দর্শনার্থীদের।
দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হুমায়ূন বলেন, ক্যাম্পাসের আম বাগানসহ বিভিন্ন প্রান্তে যখন আম গাছগুলোর মুকুল দেখা যায়, তখন পুরো পরিবেশে এক ধরনের মিষ্টি ও হালকা ঘ্রাণ ভেসে বেড়ায়, যা আম গাছের ফুল (মুকুল) থেকেই ছড়ায়। প্রায়ই দেখা যায়, ক্লাস শেষে শিক্ষার্থীরা আম বাগানের ভেতর বা পাশ দিয়ে হাঁটাহাঁটি করে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। মাঝে মাঝে বাইরের দর্শনার্থীরাও বসন্তের এই মনোরম দৃশ্য দেখতে আসে। যখন বাগানের অধিকাংশ আম গাছে একসাথে মুকুল ধরে, তখন পুরো এলাকাই বিশেষভাবে দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত কেয়া বলেন, আমের মুকুল বসন্তের আগমনী বার্তাকেই জানান দেয়। প্রকৃতির পালাবদলের সাথে সাথে বৈচিত্র্যময় সাজে সেজে উঠে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়। শীতের মলিনতা ঝেড়ে ফেলে চারদিকে ছড়িয়ে পড়েছে নতুন প্রাণের সুর। গাছে গাছে কচি পাতার সবুজ আভা, হালকা রোদ, মুকুলের মিষ্টি ঘ্রাণ যেন ক্যাম্পাসজুড়ে এক অন্যরকম আবহ তৈরি করে। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয়—জীবন মানেই পরিবর্তন, আর সেই পরিবর্তনই নিয়ে আসে নতুন সম্ভাবনার দুয়ার।