{{ news.section.title }}
হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতা বহিষ্কার
হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুকে প্রশংসাসূচক পোস্ট দেওয়ার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক বিবৃতির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি নিজের ফেসবুক আইডি থেকে হাসনাত আব্দুল্লাহকে প্রশংসা করে একটি পোস্ট দেন শাহরিয়ার উদ্দিন ফাহাদ। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দল মত যাই হোক এটা অস্বীকার করার সুযোগ নাই যে দেবিদ্বার এর ছেলেরা এখন হাসনাত হতে চায়।’
বহিষ্কারের বিষয়ে জানতে শাহরিয়ার উদ্দিন ফাহাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পূর্বের পোস্টটি শেয়ার করে দেওয়া নতুন এক পোস্টে তিনি লেখেন, “যদিও বুঝাতে চেয়েছিলাম ভিন্ন আদর্শ থেকে দেবিদ্বারের রাজপথে মুখোমুখি দেখা হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো ধরনের শোকজ না দিয়ে বহিষ্কার আদেশ দেখে হাসি পাচ্ছে লিটরেলি।”
এ বিষয়ে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা একটি রাজনৈতিক সংগঠনের সদস্য, এখানে সাংগঠনিক শৃঙ্খলা রয়েছে। কেউ যদি দলের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে সংগঠন তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে।”
এর আগে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তানজিলকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রদল। একই অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।