চাকসু ও হল সংসদ প্রতিনিধিদের নিয়ে চবিতে সম্মেলন ও ইফতার মাহফিল

চাকসু ও হল সংসদ প্রতিনিধিদের নিয়ে চবিতে সম্মেলন ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ছাত্র প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) উদ্যোগে প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিকসহ বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, দীর্ঘ প্রায় ৩৬ বছর পর চাকসু নির্বাচন আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বড় সফলতা। নতুন এই যাত্রায় অনেক বিষয়ে অনভিজ্ঞতা থাকলেও প্রশাসন শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রশাসনের বর্তমান মেয়াদে মেগা কনভোকেশন আয়োজন, আবাসিক হলগুলোতে দখলদারিত্ব উচ্ছেদ করে মেধার ভিত্তিতে আসন বণ্টন, গবেষণা কার্যক্রমে অগ্রগতি এবং ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতাতেও ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন উপাচার্য। একই সঙ্গে সফল আয়োজনের জন্য চাকসুর নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, চাকসু নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তনের ধারা শুরু হয়েছে। চাকসু শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে সচেতন করেছে এবং মতপ্রকাশের সুযোগ সম্প্রসারিত করেছে। প্রশাসন ও ছাত্র প্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এ মাস আমাদের সংযম, শৃঙ্খলা ও সত্যনিষ্ঠ জীবনযাপনের শিক্ষা দেয় এবং ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করে।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে গত চার মাসে চাকসু ও বিভিন্ন হল সংসদের কার্যক্রম পর্যালোচনা, প্রতিনিধিদের পরিচিতি পর্ব, মতবিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় চাকসুর অফিসিয়াল ওয়েবসাইট উন্মোচন, বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভাপতির বক্তব্যে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনের মাধ্যমে চাকসু নতুনভাবে যাত্রা শুরু করেছে। চাকসুর রয়েছে ব্যাপক সম্ভাবনা, যা কাজে লাগানো গেলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি সকল প্রতিনিধির সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ছাত্র হলগুলোর পক্ষে শহীদ আবদুর রব হল সংসদের ভিপি হাফেজ বোরহান উদ্দিন এবং ছাত্রী হলগুলোর পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ভিপি সুমাইয়া নুসরাত বক্তব্য দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মাঝে বার্ষিক ক্যালেন্ডার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক, চাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ