{{ news.section.title }}
শোকজের পর এবার শেখ তানভীর বারী হামিমকে সাময়িক অব্যাহতি দিলো ছাত্রদল
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক ও ডাকসুর সাবেক জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
আজ বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল। সে শোকজের জবাবও দেন তিনি। তবে জবাব যথার্থ না হওয়ায় তাকে অব্যহতি দেওয়া হয়েছে বলে জানা যায়।
আজ অব্যহতি দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর প্রতিক্রিয়ায় এক ফেসবুক পোস্টে হামিম লিখেন, "ক্লাস ৬ (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোন পদ ছিলোনা, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আমি এ দলের একজন কর্মী, এতোটুকু পরিচয়ই আমার জন্য প্রচন্ড গর্বের, আলহামদুলিল্লাহ।"
এছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাহদীজ্জামান জ্যোতিকেও সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে ছাত্রদল।