সালামি ও হাতে লেখা চিঠিতে ঢাবি ছাত্রের ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়

সালামি ও হাতে লেখা চিঠিতে ঢাবি ছাত্রের ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময়

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে এক ব্যতিক্রমী ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে সোমবার (৯ মার্চ) শিক্ষার্থীদের মাঝে ‘স্মারক চিরকুট’ ও নতুন টাকার ‘ঈদ সালামি’ বিতরণ করা হয়।

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী কাউসার আহমেদ-এর ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়। এদিন তিনি হলের ২০২৪-২৫ সেশনের বন্ধুদের রুমে রুমে গিয়ে ঈদের অগ্রিম শুভেচ্ছা সম্বলিত চিরকুট এবং সালামি হিসেবে নতুন পাঁচ টাকার নোট তুলে দেন। উদ্যোক্তা কাউসার আহমেদ বলেন, “হল আমাদের দ্বিতীয় পরিবার আর বন্ধুরাই এখানে পরিবারের সদস্য। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার চিরায়ত বাঙালি সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। সামান্য সালামি আর চিঠির মাধ্যমে সবার এই উচ্ছ্বাস ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।”

ব্যতিক্রমী এই উপহার পেয়ে হলের শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান, যান্ত্রিকতার এই সময়ে হাতে লেখা চিরকুট আর নতুন টাকার সালামি পাওয়া সত্যিই এক অনন্য অনুভূতি, যা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করবে।


সম্পর্কিত নিউজ