ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
ছবির ক্যাপশান, ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ফেসবুকে অশালীন মন্তব্য, সাইবার বুলিং ও হুমকিমূলক আচরণের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

অভিযুক্ত  উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তার রোল নম্বর ২১৫৩ এবং রেজিস্ট্রেশন নম্বর ২০২১২৩৫৩৮৭৩। তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব সলিমুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরে একটি পোস্ট দেন। ওই পোস্টে ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী মন্তব্যের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করলে তাকে উদ্দেশ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন গোলাম রাব্বানী।

অভিযোগকারী শিক্ষার্থী জানান, অভিযুক্তের মন্তব্যে গালিগালাজ ও হুমকিমূলক বক্তব্য ছিল, যা তাকে একজন নারী শিক্ষার্থী হিসেবে মানসিকভাবে অপমানিত ও আতঙ্কিত করেছে। পরে তিনি বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।


সম্পর্কিত নিউজ