{{ news.section.title }}
ইবিতে শিক্ষিকা রুনা হত্যার আগে ফাঁকা হয়ে যায় বিভাগ, ‘পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঘটনার আগে অল্প সময়ের ব্যবধানে বিভাগের শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীরা একে একে বিভাগ ত্যাগ করেন এবং শিক্ষিকা রুনাকে কক্ষে একা রেখে যান। এতে তাদের প্রতি সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
গত বুধবার (৪ মার্চ) বিকেল ৪ টার দিকে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমানের ছুরিকাঘাতে নিজ কক্ষে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ওই শিক্ষিকা।
ক্যাম্পাস ও বিভাগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সমাজকল্যাণ বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ করে শিক্ষিকা রুনা নিজ কক্ষে অবস্থান করছিলেন। ওইদিন বিভাগে ইফতার মাহফিলের আয়োজনের বিল উত্তোলনের জন্য নোট প্রস্তুত করতে বলেন বিভাগের সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হককে। এ সময় বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক, কর্মচারী সোহাগ, নৈশপ্রহরী সুমন-সহ বিভাগের শিক্ষক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পূর্বে একে একে বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। বিভিন্ন কাজে বিভাগ ত্যাগ করায় ওই সময়ে শিক্ষিকা রুনা একবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। এই সুযোগে ফজলুর রহমান শিক্ষিকার কক্ষে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ সময় বিভাগের আশেপাশের কক্ষগুলোতে কেউ না থাকায় তৎক্ষনাৎ কারও সাহায্য পান নাই নিহত শিক্ষিকা রুনা।
জানা গেছে, হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে দাপ্তরিক কাজে অদক্ষ হওয়ায় ওই বিভাগের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎকে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং অসদাচারণের কারণে মাসখানেক আগে ফজলুর রহমানকে (খুনি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত বুধবার (৪ মার্চ) ঘটনার দিন বিকেল ৩ টায় ৩৮ মিনিটে শিক্ষক হাবিবুর রহমান বিভাগ ত্যাগ করেন। পরে বিকেল ৩ টায় ৪১ মিনিটে বিভাগের কর্মকর্তা মোজাম্মেল এবং ফজলুল হক (লাইব্রেরিয়ান) ও সোহাগ বিপরীত পাশের গেট দিয়ে অনুষদ ভবন ত্যাগ করেন। এ সময় নতুন সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল কর্মচারী নৈশপ্রহরী সুমনকে বলেন, তারা যতক্ষণ না আসে ততক্ষণ চেয়ারম্যানের এখানে যেন থাকে এমনটা জানান ফজলু (লাইবেরিয়ান) ও কর্মচারী সোহাগ। অর্থাৎ নৈশপ্রহরী সুমনকে বিভাগের দেখভালের দায়িত্ব দিয়ে যান। তবে হত্যাকাণ্ড ঘটনার মাত্র তিন মিনিট আগে (৪ টায় ৯ মিনিট) সুমনও বিভাগ ছেড়ে একই গেইট দিয়ে বেরিয়ে যান। একই সময়ে ভবনের সম্মুখ গেইট দিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী মজিদকে ভবনে ঢুকে দোতলার ঘটনাস্থলের সামনে দিয়ে তৃতীয় তলার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উঠতে দেখা যায়।
এর পূর্বে, বিকেল ৪ টা ১ মিনিটে ফজলুর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কিচেন রুম থেকে পকেটে করে পলিথিনে মোড়ানো ‘অজ্ঞাত বস্তু’ নিয়ে বের হয়ে আর সেখানে ফিরে নাই। তবে এর আগে ওই কক্ষে বস্তুটি নিয়ে তাকে বেশ কিছুক্ষণ লুকোচুরি ও পায়চারি করতে দেখা যায়। পরে ফজলুর ৪টা ৪ মিনিটে তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলার রুনার কক্ষের দিকে যান। সেখান থেকে আবার তিনি ৪ টা ৮ মিনিটে ফিরে আসেন। পরে ফজলুর ৪ টা ১০ মিনিটে তৃতীয় তলা থেকে সিড়ি দিয়ে নেমে ফের দ্বিতীয় তলায় রুনার কক্ষে যান। দুই মিনিট পরেই বিকেল ৪টা ১২ মিনিটে ‘আল্লাহ বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেন শিক্ষিকা রুনা।
পরবর্তীতে ভবনের নিচে থাকা দুই আনসার সদস্য ও দুই শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে হত্যাকারী ফজলু কক্ষের মধ্যেই আটকে পড়ে। এ সময় কক্ষটি আটকানো দেখে দরজার ছিদ্র দিয়ে কক্ষের মধ্যে শিক্ষিকা রুনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এসময় ইফতারের আয়োজনের কাজ ব্যস্ত থাকা বিভাগটির তিন শিক্ষার্থীও সেখানে উপস্থিত হয়ে দরজা ভেঙে ফেলেন। তখন তারা ফজলুকে নিজের গলায় ছুরি চালানো অবস্থায় দেখেন। ফজলুর গণপিটুনি থেকে বাঁচার জন্য আত্মহত্যার নাটক করেন বলে দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা। ঘটনার দিন দুপুর সাড়ে ১২ টায় বিভাগের শিক্ষক শ্যাম সুন্দরও বিভাগ ছাড়েন বলে জানান বিভাগের কর্মকর্তারা।
শিক্ষার্থীদের দাবি, ঘটনার দিন বিভাগের ইফতার মাহফিল ছিল। সেখানে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিত থাকার কথা থাকলেও সবার একসঙ্গে বিভাগ ত্যাগের বিষয়টি রহস্যজনক। বিষয়টি তদন্ত হওয়া উচিত।
সেমিনার লাইব্রেরিয়ান ফজলুল হক বলেন, পরীক্ষা শেষ করে ইফতারের বিলের জন্য ম্যাম চেক দেয় এবং নোট প্রস্তুত করতে বলেন। এ কাজ শেষ করে আমার মেয়েকে স্কুল থেকে আনতে ম্যামকে বলে যাই। এসময় আমার সাথে সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হকও ছিলেন।
কর্মচারী সোহাগ বলেন, টিসিবির মালামাল আনতে ফজলুল ভাবি আর সহকারী রেজিস্ট্রার এক সাথে বের হয়েছিলাম।
সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হক জানান, আমি ম্যাম থেকে ছুটি নিয়ে শেখপাড়া বাজারে ফল কিনতে গিয়েছিলাম। আমার সঙ্গে ফজলুল এবং সোহাগ ছিল। এবং যাওয়ার সময় নৈশপ্রহরী সুমনের কাছে বিভাগের দায়িত্ব দিয়ে গিয়েছিলাম।
নৈশপ্রহরী সুমন বলেন, নিজের বাসায় দরকারি কাজ থাকায় ম্যামের থেকে ছুটি নিয়ে ঠিক ৪টায় বিভাগ ছেড়ে বাড়িতে গিয়েছিলাম। তবে সিসিটিভি ফুটেজে তাকে ৪টায় ৮ মিনিটেও (হত্যার ৪ মিনিট আগে) ওই ভবনে দেখা যাওয়ার জিজ্ঞেস করলে পরে তিনি থাকার বিষয়টি স্বীকার করেন। এর আগে নৈশপ্রহরী সুমন বিভাগে থাকাকালীন ফজলু দ্বিতীয় তলায় গেলেও তার সঙ্গে দেখা হয়নি বলে দাবি সুমনের। এছাড়া, বিভাগে দায়িত্ব পালনে চরম অবহেলার অভিযোগও রয়েছে নৈশপ্রহরী সুমনের বিরুদ্ধে।
হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকা রুনার পরিবার জানান, বিভাগে একজন শিক্ষককে কিভাবে একা রেখে সবাই চলে যায়। ফজলু কিভাবে জানল রুনা বিভাগে একা ছিল। আমাদের কাছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়েছে। সুষ্ঠু তদন্ত করে হত্যাকারী ও হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।