{{ news.section.title }}
ইবিতে মাসব্যাপী ফ্রি সাহরি প্রজেক্ট শেষ করল হ্যান্ডস ফর হিউম্যানিটি
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচি গ্রহণ করেছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকায় সংগঠনটির পরিচালিত “সাহরি প্রজেক্ট” আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সাল প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি আবাসিক হলে ৭৯১টি টোকেনের মাধ্যমে সাহরির ব্যবস্থা করা হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপকৃত হয়েছে। পুরো উদ্যোগ বাস্তবায়নে প্রায় ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে।
তিনি আরও বলেন, প্রজেক্টটি সফলভাবে বাস্তবায়নে যারা আর্থিক সহায়তা, সময় ও শ্রম দিয়ে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন–সকল দাতা, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের অবদান ও সমর্থনই এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
উল্লেখ্য, ‘সাহরি প্রজেক্ট’টি ১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়। নির্দিষ্ট টোকেনের মাধ্যমে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট হলের ডাইনিং ম্যানেজারদের কাছে রাখা খাতায় টোকেনের মূল্য, তারিখ ও স্বাক্ষর দিয়ে সাহরি গ্রহণ করত। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যক্তিগত পরিচয় উল্লেখের প্রয়োজন ছিল না। এছাড়া সংগঠনটির উদ্যোগে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের একসঙ্গে বসে ইফতারের ব্যবস্থাও করা হয়েছে।