{{ news.section.title }}
শহীদ সাজিদের কবর জিয়ারত করলেন নবনিযুক্ত জবি উপাচার্য
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে শহীদ সাজিদের নিজ গ্রামে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, “যাদের আত্মদানে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, আমাদের সূর্যসন্তান সাজিদ তাদের মধ্যে অন্যতম। শহীদ সাজিদ আমাদের গর্ব ও প্রেরণার উৎস। তার আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ এক স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় যথাযথ মর্যাদায় শহীদ সাজিদের পরিবারের পাশে থাকবে। সাজিদের আত্মত্যাগ তাকে ইতিহাসে স্থান করে দিয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছে।”
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলোর স্বাতন্ত্র্য ও ঐতিহ্যের ঐক্য আজকের উপস্থিতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। দলমত নির্বিশেষে সবার উপস্থিতি প্রমাণ করে শহীদ সাজিদের প্রতি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি বলেন, সাজিদের আত্মত্যাগ তাকে ইতিহাসে স্থান করে দিয়েছে এবং জবিকে সম্মানিত করেছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
এছাড়াও ইউট্যাব জবি শাখার নেতৃবৃন্দ, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জকসু ও বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ সাজিদের রূহের মাগফিরাত কামনা করেন এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে তার আত্মত্যাগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসাথে তারা উপাচার্যকে ধন্যবাদ জানান শহীদ সাজিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, নবনিযুক্ত উপাচার্য তাঁর পূর্ণাঙ্গ প্রশাসনিক কার্যক্রম শুরুর প্রাক্কালে শহীদ সাজিদকে স্মরণ করার এই উদ্যোগ নেন। এ উদ্দেশ্যে আজ শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।