{{ news.section.title }}
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদককে পিটিয়ে জখম
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে তেল নিতে গেলে হাটহাজারীর স্থানীয় কয়েকজন যুবক তাকে ঘিরে ধরে। পরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার এলাকার এক শিক্ষার্থী মনিরুজ্জামান রাজ গুরুতর আহত হন। ওই ঘটনায় হাটহাজারীর এক বহিরাগত মোটরসাইকেল আরোহী পেছন থেকে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রক্টর, পুলিশ ও চাকসু প্রতিনিধির উপস্থিতিতে চবি মেডিকেল সেন্টারে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং বহিরাগতদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তার দাবি, ওই ঘটনার জেরে ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ওই সমঝোতা বৈঠকেও উপস্থিত ছিল বলে তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর ইফাজ জানান, আহত অবস্থায় আনার পর মাসুম বিল্লাহর চোখের ওপরে গভীর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া যায়। মাথায় গুরুতর আঘাত থাকায় সিটি স্ক্যানের প্রয়োজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং প্রধান আসামি রফিকুল ইসলাম (পিতা: আকবর হোসেন) এর বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, ‘ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আহত চাকসু প্রতিনিধিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘উপাচার্য বিষয়টি দেখছেন। ইতোমধ্যে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।’