{{ news.section.title }}
চবিতে আদিবাসী উৎসবে ছুটি নেই,ছুটির দাবিতে স্মারকলিপি
পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উপলক্ষে ছুটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৫ দিনের ছুটির দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আদিবাসী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা। এতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রধান উৎসব - বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান ও সাংক্রান - প্রতিবছর ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত উদযাপিত হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে এ সময় কোনো ছুটি নেই। ফলে এসব অঞ্চলের শিক্ষার্থীরা নিজেদের ঐতিহ্যবাহী উৎসব যথাযথভাবে পালন করতে পারছেন না।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ ধরনের উৎসবে ছুটি ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ দেখা যায়নি। এতে করে প্রতিবছর ক্লাস-পরীক্ষার চাপে আদিবাসী শিক্ষার্থীরা উৎসব উদযাপন থেকে বঞ্চিত হচ্ছেন।
এ অবস্থায় তারা ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত টানা ৫ দিনের ছুটি ঘোষণা করে তা একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি এ সময়ের মধ্যে নির্ধারিত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে সংশোধিত রুটিন প্রকাশেরও আহ্বান জানান তারা।
আদিবাসী শিক্ষার্থীরা বলেন, তাদের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্য রক্ষার স্বার্থে এ দাবিগুলো বাস্তবায়ন জরুরি। বিষয়টি দ্রুত বিবেচনা করে প্রশাসন ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তারা।