{{ news.section.title }}
শাটল, হল ও নিরাপত্তা সংকটে চবি: সমাধানে ছাত্রদলের ৮ দফা স্মারকলিপি
যাতায়াতের জন্য শাটল ট্রেনের সংকট, তীব্র আবাসন সমস্যা এবং নিরাপত্তাহীনতায় ভোগা শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ৮ দফা দাবি তুলে ধরে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।
সোমবার (১ এপ্রিল) প্রদান করা এ স্মারকলিপিতে ছাত্রদল নেতারা উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের প্রত্যাশিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। বরং দীর্ঘ সময়ের পুঞ্জীভূত সমস্যাগুলো শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে।
স্মারকলিপিতে বলা হয়, যাতায়াত ব্যবস্থা, আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাব—এই চারটি প্রধান সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শাটল ট্রেনের সংখ্যা স্বল্পতা ও অনিয়মিত চলাচলের কারণে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন ঘটছে।
আবাসন সংকটের বিষয়টি তুলে ধরে বলা হয়, পর্যাপ্ত আবাসিক হল না থাকায় অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত নতুন আবাসিক হল নির্মাণ এবং বিদ্যমান হলগুলোর সংস্কারের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে নতুন হল নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে স্মারকলিপিতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপন, নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বত্র উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে আধুনিক লাইব্রেরি, ফটোকপি ও প্রিন্টিং সুবিধা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে হবে। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মুখপাত্র না হয়ে শিক্ষার্থীদের ও প্রশাসনের মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াত, আবাসন ও নিরাপত্তা সমস্যায় ভুগছে। আমাদের ৮ দফা দাবি কোনো রাজনৈতিক নয়, এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করুক।”