{{ news.section.title }}
নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চান না চবির নবনিযুক্ত ভিসি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেছেন, নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চান না তিনি। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) উপাচার্যের কনফারেন্স রুমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)-এর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপাচার্য বলেন, “নতুন নিয়োগপ্রাপ্ত কাউকে আতঙ্কগ্রস্ত করতে চাই না। তবে আমি কিছু সন্দেহজনক তালিকা সংগ্রহ করেছি, সেগুলো খতিয়ে দেখব। কাউকে অনৈতিকভাবে নিয়োগ দেওয়া হলে সেটি পর্যালোচনা করে দেখা হবে।”
এসময় তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন জুলাইবিরোধী কাউকে কোনো ধরনের সুযোগ-সুবিধা দেবে না। “যারা আমাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে, রাষ্ট্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ-সুবিধা আমি দেব না," বলে জানান তিনি।
দায়িত্ব পালনে দলীয় প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের ভিসি হতে চাই না; আমি গণমানুষের ভিসি হতে চাই। কারো সঙ্গে সম্পর্ক থাকলে সেটিকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই।”
নতুন দায়িত্বে অগ্রাধিকার প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এক্সিলেন্সে ফিরিয়ে আনা, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানো এবং গবেষণার মানোন্নয়নে কাজ করা তার প্রধান লক্ষ্য।
নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কোনো সন্তান চবিতে আবেদন কোনোদিন করবে না। নিয়োগে ব্যক্তিত্ব, মনন ও যোগ্যতার সমন্বয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চবিসাসের সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. রাব্বি হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল এবং কার্যনির্বাহী সদস্য শামীম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।