{{ news.section.title }}
ইবিতে কর্মকর্তা সমিতি নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে মঈদ বাবুল-তোজাম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২৭ নির্বাচনে বিজয়ী হয়েছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ তথা মঈদ বাবুল ও তোজাম পরিষদ। এতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫টি ভোট পেয়ে সভাপতি পদে এবং কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবন প্রাঙ্গনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য ইসরাফুল হক। এর আগে সকাল সাড়ে নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চললেন।
এ মঈদ বাবুল-তোজাম পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭) ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০)। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন তুহিন (২৩১), সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন (২৭৭)। এছাড়া সদস্য পদে থাকছেন শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২০৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০), ও আমিরুল ইসলাম (২৬৫)। এদিকে লতিফ-রিপু পরিষদের পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন ২২৫টি ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন-সহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেঁছনে দায়িত্বশীল সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ৪৮৩ জন কর্মকর্তাবৃন্দ যে দায়িত্বভার আমাদের কাঁধে তুলে ধরেছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। এই আমানত আমরা খেয়ানত করব না।
ইবি কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত সভাপতি মঈদ বাবুল বলেন, অনেকদিন কর্মকর্তা সমিতির নির্বাচন হয় নাই এবং কর্মকর্তারা তাদের অধিকার ও ন্যায্য দাবি থেকে বঞ্চিত ছিল। যারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের সকলের অর্থাৎ ৪৮৩ জন কর্মকর্তা যে কোন সমস্যায় পড়লে কর্মকর্তা সমিতির বর্তমান নেতৃত্ব যা আমরা পেয়েছি, অবশ্যই তাদের পাশে আমরা ঢাল হিসেবে থাকবো।
তিনি আরও বলেন, এই পরিষদ কর্মকর্তাদের নিরাপত্তা দেবে, কর্মকর্তাদের মধ্যে কোন দলীয়করণ হবে না। দুর্নীতি দমনে সচেষ্ট থাকবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির পিছনে যারা থাকবে তাদের বিরুদ্ধে কর্মকর্তা সমিতি রুখে দাঁড়াবে।