গুচ্ছ বি ইউনিটে ৮১.৫ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর

গুচ্ছ বি ইউনিটে ৮১.৫ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষে ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর
ছবির ক্যাপশান, মিজানুর রহমান | ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৮১.৫ প্রথম স্থান অর্জন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান।

সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ শতাংশ, অর্থাৎ ৭৬ হাজার ৭৫৫ জন।পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাস মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০.৫০ শতাংশ, অর্থাৎ ৪৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী। অপরদিকে, ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ শতাংশ, অর্থাৎ ৩০ হাজার ৮৯ জন।

ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫।

এবছর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ২০ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রয়েছে — ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়।


সম্পর্কিত নিউজ