{{ news.section.title }}
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না -রাবিতে ব্যারিস্টার ফুয়াদ
রাজনৈতিক প্রশ্নে সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ওবায়দুল কাদেররা আজ কলকাতার আইসিইউতে রাত কাটাচ্ছেন। সরকারি দলকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৬ এপ্রিল) বিকাল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত 'গনভোটের রায় বাস্তবায়নে গড়িমসি -সংকটের পথে দেশ' শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ৭২ এর সংবিধানের কাঁঠাল জপতে জপতে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ভারতকে আজ আওয়ামী লীগের তীর্থস্থান বানাতে হয়েছে। যে দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই দলের নেতাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
তিনি বলেন, যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে আপনাদেরকেও (বিএনপি) ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ১৭ বছরের জুলুম নির্যাতনের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনারা গোল্ড ফিসকেও হার মানিয়েছেন। আপনারা আত্মবিস্তৃত জাতি, আওয়ামী লীগদেরকে এটা ভুলতে ১৭ বছর সময় লেগেছিল। আপনারা তো ১৭ দিনও সময় নেন নাই।
তিনি আরো বলেন, আপনাদের জন্য আমরাও লড়াই করেছি, সংগ্রাম করেছি, শহীদ জিয়ার স্বপ্নের রাজনীতি আমরা করছি। কিন্তু আপনাদের আচরণের মধ্যে বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের বিএনপির সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসেছে। যারা বাংলাদেশপন্থী রাজনীতি করেছে আমরা তো সেই বিএনপিকে খুঁজে পেতে চাই। যারা পাসপোর্ট বিরোধী আন্দোলন করেছে আমরা সেই বিএনপিকে খুঁজে পেতে চাই।
রাকসু'র বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির, রাকসু'র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।