{{ news.section.title }}
ভোলায় গৃহবধূ গ্রেফতার - বাকস্বাধীনতা হরণের অভিযোগে জাবি ছাত্রশক্তির প্রতিবাদ
ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মেহরাব তূর্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ এপ্রিল ভোলায় ‘বিবি সাওদা ইসলাম’ নামের এক গৃহবধূকে রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুক পোস্টের অভিযোগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনাকে বাকস্বাধীনতা হরণ ও অমানবিক হয়রানি হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির দাবি, সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। জ্বালানি সংকটসহ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সমালোচনা করা নাগরিকের অধিকার এবং তা কোনো অপরাধ হতে পারে না। সমালোচনাকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনায় একটি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং বিশেষ করে একজন প্রতিবন্ধী শিশুকে মায়ের সান্নিধ্য থেকে বঞ্চিত করা অমানবিক। সংগঠনটি অবিলম্বে বিবি সাওদা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।
এছাড়া, জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ তুলে বলা হয়, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য থাকলেও বর্তমানে নাগরিকের মৌলিক অধিকার, বিশেষ করে বাকস্বাধীনতা সংকুচিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
জাতীয় ছাত্রশক্তি মনে করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তার ও ভিন্নমত দমনের এই প্রবণতা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য হুমকি। একই সঙ্গে আইনকে নাগরিকের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়ে ভিন্নমত প্রকাশের কারণে গ্রেফতারের সংস্কৃতি বন্ধের দাবি জানানো হয়।