‘টুগেদার ফর হেল্থ’ প্রতিপাদ্যে জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘টুগেদার ফর হেল্থ’ প্রতিপাদ্যে জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ছবির ক্যাপশান, ‘টুগেদার ফর হেল্থ’ প্রতিপাদ্যে জাবিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

‘টুগেদার ফর হেল্থ, স্টেই উইথ সাইন্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, ম্যারাথন, ফ্রি হেলথ ক্যাম্পসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টায় ‘রান ফর হেল্থ’ শীর্ষক ম্যারাথনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সকাল ৮টায় ‘ক্লিন ফর হেল্থ’ কর্মসূচির আওতায় ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
সকাল ১০টায় পুরাতন কলা অনুষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। একই সময় থেকে বিকাল ৪টা পর্যন্ত অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হয় ফ্রি হেলথ ক্যাম্প, যেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে বৃক্ষরোপণ কর্মসূচি, দুপুর ১টায় বিভাগে স্বাস্থ্য সচেতনতাবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং বিকাল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “সুস্থ দেহে সুস্থ মন বাস করে। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরও মানবিক ও বিজ্ঞানভিত্তিক করতে হবে।”
শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণের পরামর্শ দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্য দিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন উপাচার্য। পাশাপাশি দেশের জনস্বাস্থ্য গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে জাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।


সম্পর্কিত নিউজ