{{ news.section.title }}
জাকসুর ব্যানারে একতরফা সেমিনার আয়োজন: গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, অভিযোগ ভিপি জিতুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর ব্যানারে সম্প্রতি গণঅভ্যুত্থান ও অগ্রযাত্রার রাজনীতি: সংবিধানিক বৈধতার প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক একটি সেমিনার আয়োজনকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু অভিযোগ করেছেন, আনুষ্ঠানিক সভা বা সদস্যদের মতামত ছাড়াই আয়োজনটি করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে ভিপি জিতু বলেন, “জাকসু একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ থাকা উচিত। কিন্তু সম্প্রতি প্রকাশিত সেমিনারের ফটোকার্ড উদ্বেগজনক। কোনো সভা ছাড়াই, শুধুমাত্র কয়েকজনের সিদ্ধান্তে আয়োজন করা হয়েছে।”
তিনি দাবি করেন, গেস্ট নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ বা আয়োজনের উদ্দেশ্য সংক্রান্ত কোনো সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে সহ-সভাপতি ও সভাপতির সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। প্রচারণা শুরুর আগ পর্যন্ত তিনি নিজেও এ বিষয়ে অবগত ছিলেন না।
ভিপি জিতু আরও বলেন, “প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা জাকসুর গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। ভবিষ্যতে কোনো আয়োজনের জন্য অবশ্যই গঠনতন্ত্র মেনে সকল সদস্যকে নিয়ে সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে।”
উল্লেখ্য, ৯ এপ্রিল জহির রায়হান মিলনায়তনে বিকাল ৩ টায় আয়োজিত অনুষ্ঠানে উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সাইফ মোস্তাফিজ, মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাদিক কায়েম, মণিকা শারমিন, জাহিদ আহসান ও জাহিদুল ইসলাম।