জাবি ছাত্রশক্তির মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে

জাবি ছাত্রশক্তির মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে
ছবির ক্যাপশান, জাবি ছাত্রশক্তির মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে

‎গণভোটে প্রাপ্ত জনগণের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায়  বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
‎মানববন্ধনে বক্তারা বলেন, গণভোটে বিপুল জনগণের সমর্থন থাকা সত্ত্বেও জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তারা অভিযোগ করেন, বিভিন্ন অধ্যাদেশ বাস্তবায়নের পরিবর্তে স্থগিত রাখা হচ্ছে, যা সিদ্ধান্তহীনতার ইঙ্গিত বহন করে।
‎‎জাবি ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, “২০টি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল এবং ১৬টি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। এতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।”
‎তিনি আরও বলেন, “সরকার যদি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে থাকে, তবে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়কেও সম্মান জানাতে হবে।”
‎‎সংগঠনটির সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, “দীর্ঘদিন গণতন্ত্রের কথা বললেও বর্তমান বাস্তবতায় সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি জনগণের রায়ের প্রতি অবহেলার শামিল।”
‎তিনি আরও বলেন, “সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা।”
‎‎বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের রায় উপেক্ষা করা হলে শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হবে।
‎এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত নিউজ