{{ news.section.title }}
ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব, সম্পাদক রবিউল
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ (ইবিরিইউ)-এর কার্যনির্বাহী পরিষদ (২০২৬) গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন দুপুরে ফলাফল ঘোষণা করা হয় এবং নবনির্বাচিতদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (জাগরণ নিউজ), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। কমিশনার হিসেবে ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, “সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবো।”
নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, “সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।”
উপস্থিত উপ- উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “আমি একজন ইবিয়ান হিসেবে সাক্ষ্য দিতে পারি, এ যাবৎ কোনো সাংবাদিক ক্যাম্পাসে হলুদ সাংবাদিকতার চর্চা করেনি। দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে প্রত্যাশা রাখছি।”
নবকমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র আন্দোলন ও খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।