জাকসু কর্তৃক ভেলা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী শহীদ সালাম-বরকত হল

জাকসু কর্তৃক ভেলা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী শহীদ সালাম-বরকত হল
ছবির ক্যাপশান, জাকসু কর্তৃক ভেলা বাইচ প্রতিযোগিতায় বিজয়ী শহীদ সালাম-বরকত হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর আয়োজনে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষে অনুষ্ঠিত ভেলা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সালাম-বরকত হল।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রং পুকুরে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পুরুষ শিক্ষার্থীদের ১১টি আবাসিক হল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ সালাম-বরকত হল। দ্বিতীয় স্থান অর্জন করে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় স্থান অধিকার করে এ এফ এম কামালউদ্দিন হল। বিজয়ীদের যথাক্রমে রাজহাঁস, মোরগ ও কবুতর পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এই ভেলা বাইচ প্রতিযোগিতা আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে আয়োজনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এমন সৃজনশীল উদ্যোগ আমাদের সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম আমাদের ঐতিহ্য ধরে রাখতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে আমি আশা করি।”

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “অংশগ্রহণকারী হলগুলোর আন্তরিকতা ও উদ্দীপনার কারণেই আয়োজনটি সফল হয়েছে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে এমন প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি সম্ভব হতো না।” তিনি জানান, প্রতিযোগিতার আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী পরদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পন্ন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশেদুল আলম, জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।


সম্পর্কিত নিউজ