বড় বাজেটের রোম্যান্সে ফিরছেন কিং খান

বড় বাজেটের রোম্যান্সে ফিরছেন কিং খান
ছবির ক্যাপশান, শাহরুখ খান | ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান আবারও তার পুরোনো রোম্যান্টিক ইমেজে ফিরতে যাচ্ছেন-এমন খবরে উচ্ছ্বসিত ভক্তরা। দীর্ঘদিন ধরে পর্দায় তার ক্লাসিক প্রেমিক চরিত্র দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা, আর সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শিগগিরই।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আসন্ন কিং সিনেমার কাজ শেষ করেই নতুন একটি বড় প্রজেক্টে হাত দিতে যাচ্ছেন তিনি। ২০২৩ সালে পাঠান ও জওয়ান সিনেমার মাধ্যমে বক্স অফিস কাঁপালেও, সেই ছবিগুলোতে অ্যাকশনই ছিল প্রধান আকর্ষণ। এবার তিনি পুরোপুরি রোম্যান্টিক ঘরানার গল্পে কাজ করার পরিকল্পনা করছেন।

জানা গেছে, ইতোমধ্যে কয়েকজন নির্মাতা ও লেখকের সঙ্গে একাধিক বৈঠক করেছেন শাহরুখ। একটি নির্দিষ্ট চিত্রনাট্য তার বিশেষভাবে পছন্দ হয়েছে। ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাটি তার জনপ্রিয় ছবি ম্যায় হুঁ না-এর ধাঁচে তৈরি হতে পারে, এমনকি সেটির সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই প্রজেক্ট পরিচালনার দায়িত্ব নিতে পারেন তার ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা ফারহা খান। গত কয়েক বছরে একের পর এক অ্যাকশন সিনেমায় কাজ করতে গিয়ে শারীরিকভাবে বেশ চাপে পড়েছেন শাহরুখ। বিভিন্ন স্টান্ট ও কঠোর পরিশ্রমের কারণে চিকিৎসকরাও তাকে কিছুটা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

এ কারণে নিজের ওপর চাপ কমাতে এবার ভিন্ন পথে হাঁটছেন তিনি। নতুন সিনেমাটি শুধুই সাধারণ প্রেমের গল্প নয়, বরং পরিণত বয়সের বাস্তবধর্মী এক প্রেমের কাহিনি তুলে ধরা হবে বলে জানা গেছে। বড় বাজেটের এই সিনেমায় ভক্তদের জন্য থাকতে পারে বিশেষ চমক-দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে।

বর্তমানে চিত্রনাট্যের কাজ শেষের পথে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুন মাসে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আর ২০২৭ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত নিউজ